কুমিল্লায় ‘জমি নিয়ে বিরোধে’ ভাইয়ের হাতে ভাই খুন
পুলিশ বলছে, ঘটনার পরপরই জড়িতরা এলাকা থেকে পালিয়ে যান।
কুমিল্লা নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন জানান।
বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবু মিয়া (৪০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার ছোট ভাই ইব্রাহিম খলিল।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার রাতে উনাইশার মাজার মসজিদের সামনে ছোট ভাই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা আবু মিয়াকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করেন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু মিয়াকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, ঘটনার পরপরই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যান।
ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
