ডোবায় পড়ে যাওয়া গরুটিকে অবশেষে উদ্ধার করল ফায়ার সার্ভিস
তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ডোবায় পড়ে যাওয়া একটি গরুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার শেষ বিকালে পৌর এলাকার কুমারশীল মোড়ের আইসিইউ হাসপাতালের পেছনের একটি ডোবা থেকে গরুটি উদ্ধার করা হয় বলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান।
তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, বিকাল ৫টার দিকে ডোবার পাশে দুটি গরু ঘাস খাচ্ছিল। এর মধ্যে একটি গরু হঠাৎ করেই ডোবায় পড়ে যায়। আশপাশের এবং নামাজ শেষ করে ফিরতে থাকা লোকজন বিষয়টি দেখতে পান। তারা প্রথমে গরুটিকে উদ্ধার করার চেষ্টা করেন।
না পেরে সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে গরুটি উদ্ধার করেন।
স্থানীয় রিক্তা চৌহান বলেন, তার স্কুল পড়ুয়া ছেলে জানালা দিয়ে গরুটিকে ডোবায় পড়ে থাকতে দেখে। প্রথমে ধারণা করছিল, গরুটি হয়ত উঠে যাবে। তবে অনেক চেষ্টা করেও গরুটি উঠতে পারছিল না।
“এক পর্যায়ে অনেক মানুষের নজরে আসে বিষয়টি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি দল এসে গরুটিকে উদ্ধার করে। ডোবার কচুরিপানায় আটকে গিয়েছিল গরুটি।”
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, গরুর মালিককে পাওয়া যায়নি। তাই স্থানীয়দের হেফাজতে সেটি দেওয়া হয়েছে।
