২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গ্রেপ্তার

২০১৭ সালের ১০ এপ্রিল আলিমের যাবজ্জীবন কারাদণ্ড হয়; এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 08:39 PM

Updated : 07 May 2023, 08:39 PM

মানবতাবিরোধী অপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক যুদ্ধাপরাধীকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. ফজলে রহমান জানান।

গ্রেপ্তার ৮৫ বছর বয়সি আলিম উদ্দিন খান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।

মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযোগে ২০১৬ সালে আলীম উদ্দিনের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

ফজলে রহমান জানান, মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ২০১৭ সালের ১০ এপ্রিল আলিমকে যাবজ্জীবন সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

“গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করতেন। সবশেষ শুক্রবার বিকালে তিনি শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যান।


“গোপন খবর পেয়ে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট, গফরগাঁও এবং শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলিমকে তার মেয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পরিদর্শক ফজলে রহমান।