মানিকগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা সুভাষ গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ অগাস্ট বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ।
গ্রেপ্তার সুভাষ চন্দ্র সরকার (৬৩) মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের সদস্য।
মামলার বরাতে ওসি আমানউল্লাহ জানান, ৪ অগাস্ট সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় নাশকতার মামলা করেন। সেই মামলায় সুভাস চন্দ্র এজাহারভুক্ত আসামি।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি আমানউল্লাহ।
