২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘সহায়তা সেল’

নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে এই সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 04:55 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে ‘সহায়তা সেল’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। 

এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে নিরপরাধ কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে সেলের সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন এবং রতন কুমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা করবে।

আরও পড়ুন:

রাজশাহীতে মৌন মিছিল থেকে শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টা