Published : 01 Aug 2024, 03:40 PM
সারাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল থেকে শিক্ষার্থীদেরকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় শিক্ষকদের বাধায় শিক্ষার্থীদের আটকে ব্যর্থ হন তারা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এ ঘটনা ঘটে। এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, 'ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুন'-ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা যোগ দেয়। পরে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে চলমান অবস্থান কর্মসূচিতে ‘অতর্কিত হামলা চালায় পুলিশ’।
তাদের ভাষ্য, এ সময় পাঁচ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার পথে শিক্ষকরা তাদের ‘ছিনিয়ে নেয়’। পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে শিক্ষার্থীরা। শিক্ষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
আন্দোলনে অংশ নেওয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) শিক্ষার্থী সাফিউল ইসলাম অনিক বলেন, “কর্মসূচি শেষে শিক্ষকদের অনুরোধ করেছিলাম তারা যেন আমাদের ক্যাম্পাসের গেটের বাইরে দিয়ে আসে। সে অনুযায়ী শিক্ষকরা আমাদের গেটের দিকে নিয়ে যাচ্ছিল।
“এ সময় পুলিশ গিয়ে আমাকেসহ পাঁচজন শিক্ষার্থীকে ধরে চেং-দোলা করে নিয়ে যাচ্ছিল। পরে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে আমাদের কেড়ে নেয়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লা আল মামুন বলেন, “শিক্ষকদের মৌন মিছিলের কর্মসূচিতে ছাত্ররা অংশ নেয়। এ সময় সাদা পোশাকে অস্ত্রধারী কিছু লোকজন তাদের উপর হামলা করে। কিন্তু তারা কে সেটা জানি না।”
শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টা হয়েছিল কী-না জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, ছাত্ররা তাদের সঙ্গে আগে বাকবিতণ্ডায় জড়িয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ঢাকা হয়েছিল। পরে তাদের ছেড়েও দেওয়া হয়।