২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রায় ঘোষণার ১০ মাসের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।

কুষ্টিয়ায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর থানার হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত আসকার আলী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 06:34 PM

Updated : 09 Oct 2022, 06:34 PM

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব আসকার আলী দৌলতপুর উপজেলার আড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. আজম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনিও একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

রোববার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, পাওনা টাকা চাওয়ায় ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর বিকালে আজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পাশের একটি খালে পুতে রাখে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন।

২০২১ সালের ১৪ ডিসেম্বর আসামি মো. স্বপন, মো. আসকর আলী ও ইশারত আলীকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত। রায় ঘোষণার সময় সব আসামি পলাতক ছিলেন। 

সাজাপ্রাপ্ত অন্য আসামিদেরও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।