মান্নাকে শিবগঞ্জে ঢুকতে না দেওয়ার ঘোষণা বিএনপি-জামায়াতের
উপজেলার আইন-শৃঙ্খলা সভায় এ ঘোষণা দিয়ে তারা সভা ‘বর্জন’ করে বেরিয়ে যান।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনি এলাকা শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি এবং জামায়াতের নেতারা।
মঙ্গলবার উপজেলার আইন-শৃঙ্খলা সভায় এই ঘোষণা দিয়ে তারা সভা ‘বর্জন’ করে বেরিয়ে যান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় শিবগঞ্জ উপজেলা যুবদল সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাতবোমা হামলার প্রতিবাদে ও হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি নেতা মীর শাহে আলম।
এই হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত মান্নাকে শিবগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। একইসঙ্গে বিএনপি ও জামায়াত প্রশাসনকে কোন ধরণের সহায়তা করবে না, প্রশাসনের সভায়ও আর যোগ দেবে না।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রনির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নাগরিক ঐক্যের যাকেই পাওয়া যাবে তাকেই ধরে থানায় সোপর্দ করা হবে।
তিনি বক্তব্য শেষ করেই সভায় উপস্থিত সবাইকে নিয়ে সভা বয়কট করে বের হয়ে যান।
এর আগে শুক্রবার প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা চত্বরের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় নাগরিক ঐক্যের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার বাদী হয়ে বিএনপি সভাপতি মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবকে আসামি করে ৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অভিযোগ করেন।
তবে অভিযোগটি এখনও এজাহার হিসেবে রেকর্ড করেনি শিবগঞ্জ থানা।
এর মধ্যে সোমবার রাত ৮টার দিকে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে হাতবোমা হামলা ও কয়েকজনকে মারধর করা হয়। এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ ছাড়া হামলার জন্য নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবগঞ্জ বিএনপি এবং জামাতের ঘাঁটি। কিন্তু প্রশাসন এখন দল বদল করা মাহমুদুর রহমানের কথায় চলছে।
“কাজেই প্রশাসনের সেই মিটিং এ থেকে লাভ কী? বিএনপির সঙ্গে তাই জামাতও আইনশৃঙ্খলা সভা বর্জন করে চলে এসেছে। এখানে মাহমুদুর রহমান মান্নাকে আমরা আর ঢুকতে দিব না এবং প্রশাসন তার কথা শুনলে আমরাও প্রশাসনের সঙ্গে থাকব না।”
এ বিষয়ে নাগরিক ঐক্যের জেলার অন্যতম সমন্বয়ক সাইদুর রহমান সাগর বলেন, “নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুলের ওপর বিএনপির লোকেরা হামলা ও ছুরিকাঘাত করে। এ বিষয়ে আমরা মামলা দিতে গেলে এখনও মামলা নেয়নি থানা পুলিশ।
“বরং এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি নিজেদের কর্মীর বাড়িতে সাজানো হামলার ঘটনা ঘটিয়েছে।”
