কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ আটক ৫
তাদের ২ জন রোহিঙ্গা নাগরিক।
কক্সবাজারে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে; যাদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক।
জেলার উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।
শনিবার দুপুরে কক্সবাজার র্যাবের ব্যাটালিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে র্যাব সদস্যরা উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় ছোট একটি বস্তাসহ সন্দেহজনক এক ব্যক্তিকে ক্যাম্পে প্রবেশ করতে দেখে র্যাব সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করে।
“তার বস্তায় এক লাখ ইয়াবা মেলে। আটকের পর নিজেকে মো. ইলিয়াছ বলে পরিয়চ দেন ওই ব্যক্তি।”
র্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে ‘হিল পার্ক’ নামে একটি আবাসিক কটেজের মালিক মো. ইলিয়াছ।
“আটককৃতরা সবাই সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচারের আলোচিত রোহিঙ্গা নবী হোসেন-রাজ্জাক মাঝি গ্রুপের সদস্য। পরে মধ্যরাতে ইলিয়াছের দেওয়া তথ্য অনুযায়ী র্যাবের অপর একটি দল উখিয়ার বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। তাদের কাছে আরও তিন লাখ ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি দেশি বন্দুক ও ১২টি গুলি পাওয়া গেছে।”
ইলিয়াছ ছাড়া অন্য আটককৃতদের নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, সাহেদ, আয়াজ ওরফে আজিজুল হক ও সাইফুল ইসলাম বলে জানালেও র্যাব তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
র্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, “মিয়ানমার সীমান্তে মাদক ও অস্ত্র পাচার নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা নবী হোসাইন গ্রুপ। এ দলে রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় দুষ্কৃতকারীরা সক্রিয় রয়েছে। তারা মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান নিয়ে আসে। শর্ত ভঙ্গ হলে বন্ধক ব্যক্তিকে নির্যাতন ও খুনের ঘটনাও ঘটে। আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি ইয়াবা সেক্টরের প্রধান।”
তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
নবী হোসাইনকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে বিজিবি ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তাকে গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে বলেও জানান র্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম।
