২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে বেরিয়ে নিখোঁজ, সকালে নদীপাড়ে মিলল নারীর মরদেহ

নিহত নিলুফা ইয়াসমিন ঝালকাঠি শহরের নতুন চর এলাকার বাসিন্দা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 02:49 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ঝালকাঠি শহরে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে নতুন চর এলাকার সুগন্ধী নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান।

নিহত নিলুফা ইয়াসমিন (৫৫) ওই এলাকারই বাসিন্দা। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, সোমবার রাতে এশার নামাজ শেষে প্রতিবেশীর বাসায় যাওয়ার জন্য বের হন নিলুফা। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোরে বাড়ির সামনে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

তার কানে থাকা সোনার দুল ও নাকফুল পাওয়া যায়নি। নাকে রক্তের চিহ্ন ছিল। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। তারপর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।