২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল ও দেশি পিস্তল ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

নওগাঁয় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১
হামলায় আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন সহোদরসহ বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা।

শনিবার রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী। 

হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল মজিদ (৫০)। আহত হয়েছেন তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮) এবং স্থানীয় সুবিদ আলী। তারা সবাই বিএনপির কর্মী-সমর্থক। 

আহতদের ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল মজিদসহ তার দুই ভাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় অবৈধ দখলে থাকা একটি জমি উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক পটপরিবর্তনের পর আব্দুল মজিদের সঙ্গে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বিরোধ তৈরি হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে মোহাম্মদ আলীসহ তিনজন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসেন। সেখানে আব্দুল মজিদকে দেখা মাত্রই তার বাম কাঁধে গুলি করেন মোহাম্মদ আলী।

তখন আব্দুল মজিদের দুই ভাইসহ সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সবাইকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত দেশি পিস্তল ফেলে রেখে পালিয়ে যায় তারা। 

তবে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু অভিযোগ করে বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক কারণে এ হামলা চালিয়েছে।”

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ঘটনায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি দেশে তৈরি পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ দেওয়ান (৩৫) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। 

ওসি আরও বলেন, “এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”