২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলো সে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 11:57 AM

Updated : 01 Sep 2022, 11:57 AM

হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফি এলাকা থেকে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সজিব আহমেদ জানান।

মৃত সাজন দাস শহরের কামারপট্টি এলাকার রবিন্দ্র দাসের ছেলে ও শহরের জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি জেলার লাখাই উপজেলার ভবানিপুর গ্রামে।

সাজনের বাবা রবিন্দ্র বলেন, “বুধবার সকালে ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তার লাশ শনাক্ত করি। সাজন সাঁতার জানতো না।”

এসআই সজিব বলেন, লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ছেলেটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।