২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

যদিও তার বিরুদ্ধে আনা সাংবাদিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 07:57 PM

Updated : 01 Jan 2024, 08:17 PM

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

রোববার প্রধান নির্বাচন কমিশনারের ইমেইলে অভিযোগগুলো পাঠানো হয়েছে বলে জানান সময় টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম।

প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, দৈনিক সমকালের এনামুল হক, বাংলাদেশ প্রতিদিনের সাইফুল ইসলাম মিলন, ডেইলি স্টারের মোস্তফা সবুজ, সময় টিভির বিপ্লব ইসলাম ও ৭১ টিভির শামীম আল সাম্যসহ গাইবান্ধায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের ২১ জন সাংবাদিক অভিযোগপত্রে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল জেলায় যোগদানের পর থেকেই স্থানীয় সাংবাদিকদের এড়িয়ে চলছেন। সংবাদ সংক্রান্ত বক্তব্য নেওয়ার জন্য ফোন করলেও তিনি ফোন ধরেন না। কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তার নিয়োজিত এপিএসের (কর্মকর্তার) কাছে চিরকুট দিতে হয়। সেই চিরকুটে সাক্ষাতের বিষয় উল্লেখ করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু তারপরও সাক্ষাত মেলে না।

অভিযোগ থেকে আরও জানা যায়, তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কোনো সাংবাদিক প্রবেশ করলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়।

এ ছাড়াও জেলা প্রশাসকের কারণে তার কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীও সাংবাদিকদের সঙ্গে নেতিবাচক আচরণ করেন।

সাংবাদিকরা আরও উল্লেখ করেন, বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সংবাদ তৈরিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বক্তব্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তার এসব তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা।  

আবেদনকারী সাংবাদিকদের একজন সময় টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম বলেন, “গত ২৭ ডিসেম্বর ইসি রাশেদা সুলতানার আশ্বাসের পরও রিটার্নিং কর্মকর্তা এখনও সাংবাদিকদের ফোন ধরছেন না।”

এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সাংবাদিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন নাহিদ রসুল।

সাংবাদিকদের সঙ্গে তার কার্যালয়ের কর্মকর্তাদের নেতিবাচক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি আমার জানা নেই।”