কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ২ সহকারী নিহত
চাকা ফেটে যাওয়ায় সড়ক পাশে থামিয়ে তা পাল্টাচ্ছিলেন এক ট্রাকের চালক ও সহকারী।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকের দুই সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক চালক।
বুধবার হাসাড়া হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইমন (২৫) ও হোসাইন শেখ (২০)। আহত ট্রাক চালক সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত চালকের বরাত দিয়ে এসআই খোরশেদ জানান, ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্রাক চালক সোহেল ও তার সহকারী হোসাইন। পথে রাজেন্দ্রপুর এলাকায় আসার পর তাদের ট্রাকের সামনের চাকা ফেটে যায়।
পরে মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা পাল্টানোর সময় আরেকটি ট্রাক দ্রুতগতিতে এসে পেছন থেকে তাদের ট্রাকে ধাক্কা দেয়। এতে সোহেল, হোসাইন ও আরেক ট্রাকের সহকারী ইমন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইমন ও হোসাইনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপর ট্রাকটির চালক পলাতক রয়েছেন ও নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা খোরশেদ।
