কুষ্টিয়ায় ‘আধিপত্যের দ্বন্দ্বে’ বিশ্ববিদ্যালয় ছাত্রকে কুপিয়ে হত্যা
ওই শিক্ষার্থী ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার গোলাপনগর বাজারে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভেড়ামারা থানার ওসি জহিরুল ইসলাম।
নিহত নাঈফ আহমেদ তুষার (২২) ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকার প্রাইম ইউনিভার্সিটি উত্তরা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাঈফের পরিবার ও স্থানীয়রা জানায়, মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সেবুলের সঙ্গে ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলীর লোকজনের দ্বন্দ্ব চলছিল।
নাঈফের চাচা রেজানুরের অভিযোগ, “শুক্রবার সন্ধ্যায় নাঈফ বাড়িতে ইফতার করে গোলাপনগর বাজারে রবিউলের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় বিএনপি নেতা শাজাহান আলীর বাসায় ইফতার শেষ ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নেতা-কর্মীরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন।
“পথে নাঈফকে একা পেয়ে তারা ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে নাঈফ সেখান থেকে পালানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা খায়রুলের বাসার সামনে পড়ে গেলে হামলাকারীরা তাকে আবারও কোপাতে থাকে। এক পর্যায়ে নাঈফকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়।”
স্থানীয়দের সহায়তায় নাঈফকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় নাঈফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা রবিউল ইসলাম জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা শাজাহান আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
