ময়মনসিংহে স্টেশন চত্বরে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া
বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে নেতাকর্মীদের ফেরার পথে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে বলে স্টেশন মোড় অবস্থিত ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, নগরীর কৃষ্ণচূঁড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষে আসা একদল নেতাকর্মী তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা পাল্টা ধাওয়া দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন।
এতে এক পুলিশ সদস্য, নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চারজন আহত হন।
অপরদিকে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, গণসমাবেশ থেকে তারা বাড়ি ফেরার জন্য রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় গোটা স্টেশন চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। যাত্রীরা ভয়ে এদিক-সেদিক ছুটতে থাকেন। তারা স্টেশনের বিভিন্ন কক্ষে গিয়ে আশ্রয় নেন।
এ সময় পুলিশ এসে কাঁদুনে গ্যাস ও শব্দ বোমা নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্টেশন চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে।
