জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ
তার কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রে কোনো সমস্যা না থাকায় মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
পাওনা কর পরিশোধ করায় পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে রুহুলের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
রিটানিং কর্মকর্তা বলেন, “রুহুল আমিনের কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রে কোন সমস্যা না থাকায় তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।”
এর আগে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে পটুয়াখালীর চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হয়।
যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী-২১ সার্কেলের সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কর অঞ্চল ঢাকা ৮ এ এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে।
এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে মামলা বিচারাধীন রয়েছে।
রুহুল আমিন হাওলাদার দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।
