১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর বকেয়া: জাপার হাওলাদারের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

লাঙল প্রতীকের প্রার্থী রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

কর বকেয়া: জাপার হাওলাদারের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 02:26 PM

Updated : 03 Dec 2023, 02:26 PM

কর পরিশোধের কাগজ দাখিল না করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। 

লাঙল প্রতীকের প্রার্থী রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম। 

তিনি বলেন, সোমবার বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে পটুয়াখালীর চারটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হয়। 

যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী-২১ সার্কেলের সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কর অঞ্চল ঢাকা ৮ এ এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে। 

এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে মামলা বিচারাধীন রয়েছে। 

রুহুল আমিন হাওলাদারের বরাত দিয়ে তার প্রতিনিধি জানান, রোববারের মধ্যেই বকেয়া কর পরিশোধ করা হবে। তবে দুপুর পর্যন্ত তা করা হয়নি। বিষয়টি বাছাই অনুষ্ঠানে উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন।  

রুহুল আমিন হাওলাদার দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। 

রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুনের কিছু কাগজপত্র সঠিক না থাকায় তার মনোনয়ন পত্রের বিষয়েও সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তাকেও সোমবার বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। 

এ ছাড়া পটুয়াখালী-১ আসনে ঋণখেলাপির দায়ে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।