২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নিজ কক্ষে মিলল চিকিৎসকের রক্তাক্ত লাশ

নিহতের শরীরে আঘাতের চি‎হ্ন পাওয়া না গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহে নিজ কক্ষে মিলল চিকিৎসকের রক্তাক্ত লাশ

ডা. সাদমান রাফি রনি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 10:51 PM

Updated : 18 Jul 2023, 10:51 PM

ময়মনসিংহ নগরীতে নিজ কক্ষ থেকে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নগরীর পুরোহিতপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান।

নিহত ৪০ বছর বয়সী ডা. সাদমান রাফি রনি ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া জেলায় একটি বেসরকারি হাসপাতালে অ্যানেসথেসিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডা. নাহিদা সুলতানা নিপা সিলেটে কর্মরত রয়েছেন।

নিহতের শরীরে আঘাতের চি‎হ্ন পাওয়া না গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি শাহ কামাল জানান, সকাল ১১টার দিকে সাদমানকে তার কক্ষে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করেন মা রেহেনা বেগম। এ সময় বাড়িতে মা ও ছেলে ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যান।

মরদেহের সুরতহাল শেষে পুলিশ জানায়, সাদমানের জননাঙ্গের কাছে ছোট একটি ছিদ্র পাওয়া গেছে। সেখান থেকে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশের আরও দাবি, মরদেহের পাশ থেকে নেশাজাতীয় ইনজেকশন পাওয়া গেছে। নেশার জন্য ইনজেকশন নিতে গিয়ে এমন মৃত্যু হতে পারে।

ময়নাতদন্ত শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানায় পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি শাহ কামাল।