২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে

ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বলেন, যারা বিএনপিতে যোগদান করেছেন তারা জামায়াতের নেতাকর্মী বা সমর্থকও না।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

শনিবার দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়ি দলীয় কার্যালয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের মনোনয়ন প্রত্যার্শী শরিফুল ইসলাম খান ফরহাদের কাছে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় তারা বিএনপির সদস্যপদও গ্রহণ করেন।

বিএনপি নেতারা বলেন, কুলকান্দি জিগাতলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারের নেতৃত্বে অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।  

বিএনপি নেতা শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “বিএনপি ও শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।”

এদিকে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ রাশেদুজ্জামান বলেছেন, যারা বিএনপিতে যোগদান করেছেন তারা জামায়াতের নেতাকর্মী বা সমর্থকও না।