১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত পাঁচ, আটক ১

এ ঘটনায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 11:22 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

গাজীপুরের শ্রীপুরে ঈদ ও হাজিরা বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন; আটক হয়েছেন এক শ্রমিক নেতা।  

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হন শ্রমিকরা। 

পুলিশের দাবি, শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে আহত হন শিল্প পুলিশের পরিদর্শকসহ তাদের পাঁচ সদস্য। 

তখন পুলিশের ছোড়া রাবার বুলেটে তাদের কয়েকজন আহত হয়েছেন বলে শ্রমিকদের দাবি। 

সংঘর্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ-শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যস্থতায় শ্রমিকরা আন্দোলন থেকে সরে গেলে দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ সুপার সারোয়ার আলম আরও বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চেয়েছিল পুলিশ। তাদের সঙ্গে কথা বলার সময় শ্রমিকদের অপর একটি পক্ষ পুলিশকে লক্ষ্য করা ইট ছুড়ে। এতে শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আব্দুর নুরের মাথায় আঘাত লাগে, এএসআই ইনসানের দাঁত ভেঙে যায়। এছাড়া পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। 

পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি রাবার বুলেট ছুড়ে জানিয়ে সারোয়ার আলম বলেন, “তবে রাবার বুলেটে কোনো শ্রমিক আহত হয়েছেন কিনা তা জানা নেই। 

“এ ঘটনায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের স্থানীয় সেক্রেটারি নয়ন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”