১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় শতবর্ষী বিহার থেকে কয়েকটি মূর্তি চুরি

চোরেরা গেইটের তালা ভেঙে ১০ ইঞ্চি একটি মূর্তি, পাঁচটি তামার মূর্তি নিয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 01:36 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

কুমিল্লার লালমাই উপজেলায় শতবর্ষী একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে। 

উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া মধ্যমপাড়ার ধর্মদূত বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান। 

তিনি বৃহস্পতিবার বলেন, চুরির ঘটনায় বুধবার বিকালে ধর্মদূত বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য মিন্টু সিংহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ২টার পর।  

চোরেরা গেইটের তালা ভেঙে শতবর্ষী ১০ ইঞ্চি একটি মূর্তি, পাঁচটি তামার মূর্তি ও আইপিএসের দুটি ব্যাটারি নিয়ে যায়।

আরেকটি মূর্তি বিহারের মাঠে ভাঙা অবস্থায় পাওয়া গেছে। হয়ত চোরেরা নিয়ে যাওয়ার সময় পড়ে ভেঙে গেছে।  

পাশের শাক্যমনি প্যাগোডার দায়িত্বরত ভিক্ষু প্রজ্ঞাদীপ্তি বলেন, “ধর্মদূত বৌদ্ধ বিহারটি একশ বছরেরও পুরনো। তবে সেখানে রাতে কোনো ভিক্ষু অবস্থান করেন না। শুধু দিনে ধর্মীয় কর্মকাণ্ড চলে। ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

ওসি শাহ আলম বলেন, চুরি হওয়া মূর্তি উদ্ধারে এবং চোরদের শনাক্ত করতে ওই এলাকার বিশেষ কিছু সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হচ্ছে।