কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে হত্যা: ৮ আসামি তিন দিনের রিমান্ডে
৩ জুলাই সকালে কিছু লোক সংগঠিত হয়ে বাড়ির ভেতরে তিনজনকে পিটিয়ে হত্যা করে।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী এলাকায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার মামলায় আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বুধবার বলেন, সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা থানার এসআই আবু তাহের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিচারিক হাকিম কমিল্লার ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হক শুনানি শেষে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- কড়ইবাড়ী গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), বাচ্চু মিয়া, রবিউল আওয়াল(৫৫), দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪)।
গত ৩ জলাই সকালে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি হামলা চালায়।
হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।
আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
তবে, পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
মামলাটি এরই মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর হয়েছে। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নয়ন কুমার চক্রবর্তী।
আরও পড়ুন:
