১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে হত্যা: মামলা ডিবিতে, ৮ আসামির রিমান্ড আবেদন

“মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে ডিবি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার কড়ইবাড়িতে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

একই সঙ্গে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি জেলা পুলিশের গোয়েন্দো শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ জানিয়েছেন।

এর আগে সোমবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঙ্গরা থানার এসআই আবু তাহের আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি হবে কুমিল্লার ১১ নম্বর আমলি আদালতে।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ট্রিপল মার্ডার মামলায় আসামিদের মধ্যে ঢাকা ও কুমিল্লা থেকে এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

“তবে মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে ডিবি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি বলেন, “মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডার মামলাটি ডিবিতে হস্তান্তরের নোটিশ পেয়েছি। তবে এখনও কেস ডকেট (আদালতের নথি) হাতে পাইনি। ডকেট পেলে তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গত ৩ জলাই সকালে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কয়েকজন ব্যক্তি হামলা চালায়।

হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।

আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

তবে, পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরও পড়ুন:

মুরাদনগরে মা ও ছেলেমেয়েকে হত্যা: যা বলল র‌্যাব

কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: আরও ছয়জন গ্রেপ্তার

কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: থমথমে কড়ইবাড়ী পুরুষশূন্য

মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: 'সন্ধ্যায় পরিকল্পনা, সকালে হামলা'

কুমিল্লায় মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা