অবৈধ মজুদ: লালমনিরহাটে ৩ হাজার বস্তা সার জব্দ, জরিমানা
এ সময় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে তিন হাজার ৬৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার তিন স্থানে এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পাটগ্রাম ইউনিয়নের হরিসভা এলাকায় মঞ্জুরের গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৬৩ বস্তা সার জব্দ করা হয়।
দুপুরে দহগ্রাম রোডের ফায়ার সার্ভিস এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী হায়দার আলী রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়; সেইসঙ্গে তার গোডাউন থেকে এক হাজার ৩০০ বস্তা সার জব্দ করা হয় বলে জানান তিনি।
পরে রাত ৮টার দিকে বড় মসজিদ রোডে জান্নাত ট্রেডার্সে অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার জব্দের পাশাপাশি ব্যবসায়ী মিলন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।
ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে সার মজুদ ও খুচরা বিক্রির অপরাধে তিন সার বিক্রেতাকে জরিমানা করা হয়। সারের কৃত্রিম সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে; পরে সেগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান ইউএনও।
