২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ওসি জানান, হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

গোলাম কিবরিয়া রানা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 04:38 PM

Updated : 19 Apr 2024, 05:02 PM

বরিশালের উজিরপুর উপজেলায় অটোরিকশায় বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা মারা গেছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিনজন।

শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার সানুহার চায়না ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসূল মোল্লা।

নিহত গোলাম কিবরিয়া রানা (৩৭) বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড ধোপা বাড়ির মোড় এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম মৃধার ছেলে।

Image

বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি।

আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক প্যাদার ছেলে জাহিদুল ইসলাম প্যাদা (৪৫), বরিশাল নগরীর গোরস্তান রোডের সালমান হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৩০) ও অটোরিকশা চালক, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 ঠিকাদার হিসেবে কাজ করা গোলাম কিবরিয়া রানা স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলা কমিটির সদস্য বলে জানিয়েছে মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মুরাদুল ইসলাম হিমেল। 

ওসি গোলাম রসুল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে সানুহার চায়না ক্যাম্প এলাকায় পৌঁছুলে একই দিকগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

Image

দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে যাত্রী রানা নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।” 

ওসি আরও বলেন, হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।