বাস চাপায় ছাত্রীর মৃত্যু: সমঝোতা বৈঠকে না বসায় ফের সড়ক অবরোধ
দুই দিন আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক শিক্ষার্থী মারা যান।
বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় শুক্রবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুই দিন আগে শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে এসে জেলা বাস মালিক সমিতির নেতারা সমঝোতা বৈঠকে না বসায় ফের মহাসড়ক অবরোধ করেন তারা।
শুক্রবার বিকাল ৪টার পর থেকে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়কে অবস্থান করছেন বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা সমঝোতার চেষ্টা করছি। কিন্তু শিক্ষার্থীরা তো সড়ক অবরোধ করেছেন। আমরা কী করব, আর কী বলব।”
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় মাইশা ফাউজিয়া মিম মারা যান।
ঢাকার আজিমপুর শ্যামলী এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের মেয়ে মিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসটি আটক করে পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এরপর থেকে রাত ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
তখন চালক ও তার সহকারীকে গ্রেপ্তারে প্রশাসনকে আট ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়েছিলেন শিক্ষার্থীরা।
নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রায় ৯ ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহাসড়ক ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ।
তিনি বলেন, বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ অবিলম্বে ১০ দফা দাবিতে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। কিন্তু বাস চালককে গ্রেপ্তারসহ মালিককে হাজির করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
দ্রুত দাবি পূরণের আশ্বাসে ও দূরপাল্লার ৩০টি বাস আটকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে রেখে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শুক্রবার জেলা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈঠকে বসার কথা ছিল। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে বসে সমঝোতা বৈঠক হবে। কিন্তু মালিক সমিতির দাবি তৃতীয় কোনো স্থান।
এ নিয়ে দিনভর নানা নাটকিতার পর বিকাল ৪টা থেকে ফের মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাই ফয়সাল বলেন, “পরিবহন সেক্টরের লোকজন এসেছে। শিক্ষার্থীরা মনে করেছিল, তারা বিশ্ববিদ্যালয়ে এসে সমঝোতা বৈঠকে বসবেন।
“কিন্তু নিরাপত্তা কথা বিবেচনা করে পরিবহনের লোকজন তৃতীয় কোনো স্থানে সভা করতে চান। শিক্ষার্থীরা বিষয়টি না মেনে অবরোধ করেছে। দেখছি কীভাবে সমাধান করা যায়।”
আন্দোলনকারী শিক্ষার্থী আওলাদ হোসেন বলেন, “পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে, ডিসি অফিসে আলোচনায় যাওয়ার জন্য। আমরা ডিসি অফিসে আলোচনায় কেন যাব?
“আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে এসে আলোচনায় বসতে হবে। আমাদের দাবি-দাওয়া বিশ্ববিদ্যালয়ে বসে আলোচনা করব। আমাদের বোনকে বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে।”
সড়ক অবরোধের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
এ সময় তিনি আন্দোলনকারীদের মহাসড়কে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন ও বাস মালিক সমিতি বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসতে চাচ্ছে না।
তবে আলোচনার স্থান যেখানেই হোক আমাদের ন্যায্য অধিকার আদায় করা হবে বলে জানান উপাচার্য।
আরও পড়ুন:
