সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ ১০ টন চাল জব্দ, ডিলারসহ আটক ৫
অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে তাদের আটক করেছে যৌথবাহিনী।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দের প্রায় ১০ টন চাল জব্দ করা হয়েছে। অবৈধভাবে চাল বিক্রি ও মজুতের অভিযোগে ডিলারসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার উপজেলায় আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
তিনি জানান, সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের ভুইয়াপাড়া এলাকা থেকে প্রায় সোয়া তিন টন চাল জব্দ করে যৌথবাহিনী। চালগুলো সেখানে অবৈধভাবে মজুত করা হয়েছিল।
এ ঘটনায় ডিলার কবিরুল ইসলাম, মজুদকারী আলতাব হোসেন, নুর মোহাম্মদ এবং আব্দুল ওয়াহাবকে আটক করা হয় বলে জানান আফিয়া সুলতানা।
তিনি বলেন, এর আগে বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে সাত টন চাল জব্দ করা হয়। এ ছাড়া মজুদকারী সাইফুল ইসলামকে আটক করে যৌথবাহিনী।
এসব ঘটনায় ডিলার ও মজুদকারীসহ জড়িতদের বিরুদ্ধে আলাদা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ইউএনও আফিয়া সুলতানা।
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমীন বলেন, চাল পাচার ও বিক্রির ঘটনায় আটক ডিলার করিরুলকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
