ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
এপিপি জানান, তালাক দেওয়ায় ২০১২ সালে শারমিনকে কুপিয়ে হত্যা করেন তার মাদকাসক্ত স্বামী।
ফরিদপুর শহরে তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নবাব আলী মৃধা জানান।
দণ্ডিত মো. সাগর মোল্লা ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে এপিপি নবাব আলী বলেন, ২০১২ সালের অক্টোবর মাসে ওই এলাকার সাগরের সঙ্গে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ছালাম মল্লিকের মেয়ে শারমিন আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর শারমিন জানতে পারে সাগর মাদকাসক্ত। এরপর অনেক বোঝানোর চেষ্টা করে মাদকের পথ থেকে তাকে ফেরাতে না পেরে শারমিন তার বাবার বাড়িতে চলে যান। পরে সাগরকে তালাক দেন তিনি।
আইনজীবী আরও বলেন, এতে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শারমিনদের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করেন সাগর।
গুরুতর আহত অবস্থায় শারমিনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই বছরের ১৯ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এপিপি বলেন, শারমিনের মৃতুর আগে ২ ডিসেম্বর তার ভাই সাইফুল ইসলাম সদর থানায় সাগরের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা করেন। পরে যা হত্যা মামলায় রূপ নেয়।
এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কাজ শেষে বুধবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি সাগরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
