২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ সদরের একটি ধান ক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে আদালত প্রাঙ্গণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. নুরুল ইসলাম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

কিশোরগঞ্জে ৯ বছর আগে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি)  আতিকুল ইসলাম বুলবুল। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম (৫০) সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

মামলার বরাতে এপিপি বুলবুল জানান, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার দামপাটুলী এলাকায় ধান ক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে। পুলিশ মামলাটি তদন্তের সময় নারীর লাশটি স্থানীয় মীনা বেগমের বলে নিশ্চিত হওয়া যায়। 

তখন তার স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

এ মামলায় ২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন।