মাদারীপুরে নিখোঁজের দুদিন পর মিলল গৃহবধূর মরদেহ
“আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।
নিহত মৌসুমী আক্তার উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলাদারের মেয়ে এবং একই ইউনিয়নের বড়কান্দি এলাকার সৌদিপ্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী। তার দুটি শিশু রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকালে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামের দাদীর বাড়ির উদ্দেশে বের হন মৌসুমী। দাদীর সঙ্গে দেখা করে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। শুক্রবার বিকালে স্থানীয় এক নারী কাঠ কুড়াতে গিয়ে ভাঙা গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান।
নিহতের বাবা মানিক হাওলাদার বলেন, “আমার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
