বরিশালে ‘১০ হাজার ইয়াবাসহ’ ইউপি সদস্য ও মা-ছেলে আটক
মা ও ছেলে ঢাকা থেকে এসে ওই ইউপি সদস্যের কাছে ইয়াবাগুলো পৌঁছে দিচ্ছিলেন বলে পুলিশের দাবি।
বরিশালের গৌরনদী থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্য ও তার সহযোগী মা-ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয় বলে জানান বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির।
আটকরা হলেন: গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহেল সরদার (৩২) এবং তার সহযোগী ঢাকার বংশাল সোয়ারিঘাট এলাকার সেলিনা আক্তার (৩৭) ও তার ছেলে ফোরকান হাওলাদার (২৪)।
এসআই কাজী ওবায়দুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে মা ও ছেলে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে ইউপি সদস্য সোহেলকে দিতে আসার খবরে গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেয় পুলিশ।
দুপুর ২টার দিকে মা ও ছেলে বাস থেকে নেমে সোহেলের কাছে ইয়াবা সরবরাহ করার সময় তাদের আটক করা হয়।
এসআই ওবায়দুল কবির আরও জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা হবে।
