ঢাকায় গ্রেপ্তার বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান স্ত্রীসহ কারাগারে
নেত্রকোণায় গ্রেপ্তার বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপুকে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
ঢাকায় গ্রেপ্তার বগুড়া সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রীকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার তাকে পুলিশের গাড়িতে করে বিচারিক হাকিম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কিছু উত্তেজিত জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন।
বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১২ মামলার পলাতক আসামি বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। এছাড়া তার স্ত্রী লিপি আক্তারও বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহারনামীয় আসামি।
বগুড়ায় ফেরত আনার পর বৃহস্পতিবার হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এদিকে, নেত্রকোণায় গ্রেপ্তার বগুড়ার সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
