২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে অজ্ঞাত লাশ নিয়ে শিয়ালের টানাটানি, খেয়ে ফেলেছে পা

আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও লুঙ্গি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 11:43 AM

Updated : 26 Aug 2026, 10:30 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গজারি বন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যার পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে শিয়াল। 

বুধবার রাত ৯টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও লুঙ্গি। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বনে লাশটি নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন একব্যক্তি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।  

“রাতেই কামালপুর গ্রামের গজারি বনের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। শিয়ালে মরদেহটির একটি পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।”

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।