২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাড়ির আঙ্গিনা থেকে বেরিয়ে পাশের একটি পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায় বলে জানান স্বজনরা।

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান।

নিহতরা হলো- ওই গ্রামের আহসানের মেয়ে আয়েশা আক্তার (৬) এবং জাহিদ হাসানের মেয়ে জান্নাতুন (৩)।

ওসি সরোয়ার আলম বলেন, সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল আয়েশা ও জান্নাতুন। এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে তারা পাশের একটি পুকুরের ধারে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের আর কোথাও দেখা যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।

পরে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দুজনকে দেখতে পায় গ্রামবাসী। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি সরোয়ার আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এদিকে দুই শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।