২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমাল: মাদারীপুরে সেতু ভেঙে দুর্ভোগ

ওই স্থানে নতুন একটি পাকা সেতু নির্মাণে দীর্ঘ দিনের দাবি এলাকাবাসীর।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 11:27 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মাদারীপুরের ডাসারে খালের উপরে কাঠ ও লোহার পাতের সমন্বয়ে তৈরি সেতু ভেঙে পড়েছে; এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকায় একটি খালে পানির স্রোতে প্রায় একযুগ আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। 

পুরোনো এই সেতুর উপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে ছিল। এতে ঝুঁকি নিয়ে পারাপার করছিল কয়েক গ্রামের হাজারো মানুষ। সম্প্রতি রেমালের কারণে ঝড়-বৃষ্টিতে খালে পানি বেড়ে যাওয়ায় সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে।

সেতু ভেঙে পড়ার স্থানে কচুরিপানার স্তর জমেছে। কচুরিপানার নিচে প্রায় ১৫ ফুট পানি রয়েছে বলে স্থানীয়রা জানান। 

ফলে কোনো প্রকার যানবাহন পারাপার হতে না পারলেও জমে থাকা কচুরিপানার উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষ। 

ওই স্থানে নতুন একটি পাকা সেতু নির্মাণে দীর্ঘ দিনের দাবি এলাকাবাসীর।

শশিকর গ্রামের বাসিন্দা লিটন সরকার বলেন, “চৌমুহির সেতুটি ভেঙে পড়ায় প্রায় তিনটি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই দ্রুত সেতুটি নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।”

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, “ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেতুটি ভেঙে পড়ছে। এতে জনদুর্ভোগে পড়ছে কয়েক গ্রামের ১০ হাজার মানুষ। ইতোমধ্যে বিষয়টি লিখিতভাবে সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জরুরি অবস্থায় এ সপ্তাহেই গ্রামবাসী মিলে বাঁশের একটি সাঁকো নির্মাণ করব।”  

ডাসার উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী রেজাউল করিম বলেন, “এলজিইডি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেতুটি জরুরি ভিত্তিতে নির্মাণ করা হবে।”