গাজীপুর সাফারি পার্কে হাতির পালে নতুন অতিথি ‘আনারকলি’
পার্কে হাতির সংখ্যা নয়টিতে পৌঁছলো। এর মধ্যে সাতটি মাদি ও দুটি পুরুষ।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দ্বিতীয়বারের মতো শাবকের জন্ম দিয়েছে মা হাতি ‘বেলকলি’। নতুন জন্ম নেওয়া এ মাদী শাবকটির নাম রাখা হয়েছে ‘আনারকলি’।
৮ অগাস্ট সকালে শাবকটির জন্ম হলেও বিভিন্ন দিক বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমে বিষয়টি জানাননি। শাবকটির প্রসবকালীন সময়ে ওজন ছিল প্রায় ৬০ কেজি।
বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জন্মের পর মা ও শাবক সুস্থ রয়েছে।
২০১৮ সালের ৫ জুন ‘বেলকলি’ পার্কের প্রাকৃতিক পরিবেশে আরও একটি হাতি শাবকের জন্ম দিয়েছিল। ‘ফুলকলি’ নামের শাবকটি এখন পরিণত হয়ে উঠছে। সব মিলিয়ে পার্কে এখন হাতির সংখ্যা নয়টিতে পৌঁছলো। এর মধ্যে সাতটি মাদি ও দুটি পুরুষ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত চার হাজার থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। হাতির গড় আয়ু ১০০ বছর। সাধারণত ১৮ থেকে ২০ বছরে হাতি প্রজনন সক্ষম হয়। এদের গর্ভকালীন সময় ২০-২২ মাস। সাধারণত একটি হাতি তিন থেকে পাঁচ বছর পর পর একটি করে শাবকের জন্ম দেয়। হাতি শাবক সাধারণত সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত মায়ের দুধ পান করে।
কর্তৃপক্ষ আরও জানায়, বাচ্চাসহ মা হাতিটি আলাদা করে রাখা হয়েছে। বাচ্চাটি মায়ের তত্ত্বাবধানে রয়েছে। মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পর্যটকদের যাতায়াত সীমিত রাখা হয়েছে।
মা হাতিটিকে প্রতিদিন ২০ কেজি কলাগাছ, ৫০ কেজি মিষ্টি কুমড়া, পাঁচ কেজি আখ, ১০ কেজি গাজর ও ভাতের জাউসহ তৃণ জাতীয় খাবার দেওয়া হচ্ছে।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ বলেন, “আমাদের দেশে হাতির সংখ্যা কমার মধ্যে সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে হাতি শাবক জন্ম হওয়া সত্যিই আনন্দের। জন্মের পর মা ও শাবকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
