২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন টুঙ্গিপাড়ায় যাবেন বুধবার

রাষ্ট্রপতির সফরকে সুষ্ঠু, সুন্দর ও সফল করার জন্য সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 02:31 PM

Updated : 25 Apr 2023, 02:31 PM

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রথম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, এদিন দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি।

পরে তিনি সেখানে কিছুক্ষণ নিবরে দাঁড়িয়ে থাকবেন। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। বেজে উঠবে বিউগল।

পরে রাষ্ট্রপতি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি ওই দিন বিকালেই ঢাকায় ফিরে যাবেন।

এদিকে রাষ্ট্রপতির এই সফরকে সুষ্ঠু, সুন্দর ও সফল করার জন্য সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়া-মোছাসহ সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসক মাহবুবুল আলম বলেন, জেলাবাসী গভীর উৎসাহের সাথে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সবার সহযোগিতায় রাষ্ট্রপতির সফর সাফল্যমণ্ডিত হবে আশা করি।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এই সফরকে ঘিরে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সেখানে পুলিশের পাশাপাশি আইনশৃংখলা রক্ষাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।