হবিগঞ্জে ঝড়ে ছিড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত
কোনো অভিযোগ না থাকায় আকবর আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝড়ে ছিড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মাদারিটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।
নিহত আকবর আলী (৬৫) মাদারিটুলা গ্রামের বাসিন্দা।
ওসি অজয় চন্দ্র জানান, বুধবার রাতে বানিয়াচংয়ের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল।
সকালে আকবর আলী বাড়ির পাশে গাছগাছালি পরিষ্কার করতে গেলে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আকবর আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
