সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
বৃহস্পতিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে নাশকতা, পুলিশের কাজে বাধা ও বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ জানিয়েছে।
সিরাজগঞ্জ জেলার নয়টি থানা পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে নাশকতা, পুলিশের কাজে বাধা ও বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানাগুলোর ওসিরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় অভিযানে ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার।
শাহজাদপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার ওসি খায়রুল বাশার জানান।
সলঙ্গায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন থানার ওসি এনামুল হক।
এছাড়াও বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালী থানা এলাকা থেকে একজন করে বিএনপি কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে সংশ্লিষ্ট থানাগুলোর ওসিরা জানিয়েছেন।
