ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে মুমিন ধরা পড়েন বলে জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির অপরাধে গাছে বেঁধে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর-সার্কেল) মো. সিরাজুল ইসলাম জানান।
নিহত মুমিন মিয়া (৩৮) ওই ইউনিয়নের ফরদাবাদ গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, ভোরে একটি বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করতে ঢোকেন কয়েক ব্যক্তি। এ সময় গরুর ডাকে বাড়ির লোকজন সজাগ হয়ে যান। তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন মুমিনকে ধরে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, মুমিনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মুমিন চোরা বলে ঢাকতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
