ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সঙ্গে ডলার কেনাবেচা, নওগাঁয় গ্রেপ্তার ৪
ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেনও করছিল তারা, অভিযোগ র্যাবের।
অনলাইনে অবৈধ আর্থিক লেনদেনের পাশাপাশি বিদেশের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে র্যাব।
রোববার রাতে নওগাঁর ধামইরহাটের আমাইতারা বাজার থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব ৫।
আটক ব্যক্তিরা সবাই নওগাঁর বাসিন্দা। তারা হলেন- ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের জাহিরুল ইসলামের ছেলে জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নুর আলম (২০)।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, পেশাদার ক্রিপ্টোকারেন্সি (ভার্চুয়াল মুদ্রা) ডিলারদের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে একটি চক্র সরকারের কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এমন গোপন সংবাদে র্যাব সদস্যরা এ অভিযান চালান।
“এসময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, ১১টি সিম কার্ড, ব্যাংকের তিনটি চেক বই, একটি সিসিটিভি ক্যামেরা, পাসপোর্ট, রাউটার, ব্যাংকের ব্ল্যাংক চেকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।”
তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন।
একই সঙ্গে তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে তা আবার বিদেশিদের কাছে পাঠাতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটকদের নওগাঁর ধামইরহাট থানায় হস্তান্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
