২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল নোট দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

রান্না ঘরের মাচায় জালনোট থাকার খবর ডিবি পুলিশকে দেন কামাল।

জাল নোট দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

ডিবি পুলিশের হাতে আটক কামাল সিকদার

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 07:13 PM

Updated : 27 Aug 2022, 07:13 PM

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাল নোট দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।

কামাল সিকদার নামের ওই ব্যক্তিকে শনিবার উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রাম থেকে আটক করার কথা জানান পিরোজপুর দক্ষিণ ডিবি পুলিশের পরিদর্শক আসলাম হোসেন।

৫২ বছরের কামাল সিকদার জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা।

পরিদর্শক আসলাম হোসেন জানান, উপজেলার আতরখালী গ্রামের জালাল উদ্দিনের রান্না ঘরের মাচায় ১০০০ টাকা মূল্যমানের ৫০টি জাল থাকার খবর ডিবি পুলিশকে দেন কামাল। পরে ডিবি পুলিশ রাত সোয়া ৩টায় সেখান থেকে জাল নোটগুলি উদ্ধার করে।

তবে বিষয়টি সন্দেহ হওয়ায়, তারা কামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর কামাল স্বীকার করেন যে, তিনিই জালালের রান্না ঘরে জাল টাকা রেখেছিলেন।

তবে কী কারণে কামাল এ ঘটনা ঘটিয়েছেন বা তিনি কোথায় থেকে নোটগুলি সংগ্রহ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক আসলাম।

ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।