Published : 31 Mar 2026, 02:20 PM
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন নদীঘাটে অভিযান চালিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক এ দণ্ড দেন বলে অভিযানে উপস্থিত সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- শেখ ফরিদ (৩০), মো. মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো. বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো. ইসলাম (৩২), মো. ইব্রাহীম (৩৮), মো. শামীম (২০), মো. রফিক (২০), ইয়াছিন মাল (২০) মনির হোসেন (৩২) ও মো. দ্বীন ইসলাম (২৪)।
তাদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিনা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়।
“এ সময় জাটকা ধরার সময় হাতেনাতে ১৭ জেলেকে আটক করা হয়। পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে চার হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।”
সরকার মার্চ-এপ্রিল মাসে জাটকা সংরক্ষণের জন্য পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
মঙ্গলবারের অভিযানে আটক জেলেদের সঙ্গে থাকা দশ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি জাটকা জব্দের খবরও দিয়েছেন মৎস্য কর্মকর্তা ওমর ফারুক।
জব্দ জাটকা এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।