২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশ: গাজীপুরে সেমাই কারখানাকে জরিমানা

রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 10:47 AM

Updated : 11 Apr 2023, 10:47 AM

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে গাজীপুর মহানগরীর এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় জানানো হয়- পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ‘রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড' নামের কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত র‌্যাব-১ কার্যালয়ের এর একটি দল ওই সেমাই তৈরি করার কারখানায় অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহ এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, বিস্কুট ইত্যাদি তৈরি, সি এম লাইসেন্সবিহীন, নিবন্ধন সনদবিহীন পণ্যের মোড়কজাত, বৈধ ভেরিফিকেশন সনদবিহীন ওজন স্কেল এবং বিএসটিআই অ-অনুমোদিত পণ্য তৈরির অপরাধে কারখানাটির স্বত্বাধিকারী মোছা. বর্ষাকে (৩৫) এক লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।