Published : 24 Jul 2023, 08:10 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলোচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে ৩০ মামলার আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
রোববার রাতের এ অভিযানে সময় জয়নালের দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- চনপাড়ার হোসেন মো. কাউছার (২৬) এবং মো. আলম (২৫)।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিসহ দুটি ম্যাগাজিন, ১৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চনপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে জয়নালের নামে একটি বাহিনী আছে। তার সমর্থকদের সঙ্গে প্রায় সময়ই প্রতিপক্ষ সমসের আলীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সমসের আলী চনপাড়ার নির্বাচিত ইউপি সদস্য।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত দফায় দফায় জয়নাল ও সমসেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এর আগেও কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। চনপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসার সামনে থেকে দুই সহযোগীসহ জয়নালকে গ্রেপ্তার করা হয়।
“জয়নাল আবেদীন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, মাদক, হত্যাচেষ্টা, প্রতারণা, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা দিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।