খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ
ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া।
সোমবার দুপুরে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক মিহির রঞ্জন হালদার পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
এ ছাড়া অধ্যাপক মিহির রঞ্জন তার পদত্যাগপত্রে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেছেন।
অপরদিকে উপ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
এর আগে রোববার বিকালে উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগসহ চার দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
একই দিন দুপুরে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা প্রতিবাদ সভা করেন।
