মানিকগঞ্জের শিবালয়ে আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা স্কুল বাস
“কেউ আগুন ধরিয়ে দিয়েছে কি না বা আগুন কীভাবে লাগল, আমরা তদন্ত শুরু করেছি,” বলেন পুলিশ কর্মকর্তা মানবেন্দ্র।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দাঁড় করিয়ে রাখা স্কুল বাস আগুনে পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী মোড়ে সিএনজি ফিলিং স্টেশনের পাশে রাখা বাসটিতে আগুনের ঘটনা ঘটে বলে জানান শিবালয় থানা ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এই বাসে কীভাবে আগুন লাগলো সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিক কিছু বলতে পারেনি।
স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকা মেট্রো-ব-১০-০৬৬৮ নম্বরের ওই বাসে কেউ ছিল না।
প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী পরিবহনে ব্যবহৃত হয় ওই বাসটি।
শিবালয় থানার ইন্সপেক্টর মানবেন্দ্র বালো বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।
“আসলে বাইরে থেকে আটকানো অবস্থায় ভিতর থেকে আগুন লেগেছে। কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা বা আগুন কীভাবে লাগলো আমরা তদন্ত শুরু করেছি।”
