পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুরে নাজিরপুর উপজেলায় বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যান চালক আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান।
নিহতরা হলেন- উপজেলার চালিতাবাড়ি গ্রামের মাহাবুব মোল্লা (৩৫) ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)।
আহত ভ্যান চালক মইন শেখ (১৫) উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি ফরিদ বলেন, সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন।
“পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
তিনি বলেন, পরে সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহাবুব ও তার ছেলে ইয়াদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মইন শেখকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
