২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দুপক্ষের সংঘর্ষ

বিএনপি প্রার্থী মজিবুর রহমান এবং মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:09 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি প্রার্থী মজিবুর রহমান এবং মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামিম জানান।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর দাবি, “এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়।”

বিএনপি প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, “আমাদের কর্মীরা ওই এলাকাটিতে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন। হঠাৎ করে দুষ্কৃতকারীরা আমাদের কর্মীদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।” 

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শামিম বলেন, “দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”